বিনোদন রিপোর্ট
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে গতকাল। এ বিষয়ে নন্দিত এই চিত্রগ্রাহকের স্ত্রীর ভাতিজা আসিফ রহমান গতকাল সন্ধ্যা ৭টায় বলেন, ‘ফুপা এখনও বেঁচে আছেন। তার লাইফ সাপোর্টও চলছে। মৃত্যুর খবরটি গুজব ছাড়া আর কিছুই নয়।’ জানা গেছে, রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন মাহফুজুর রহমান। তার শারীরিক অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছে তার পরিবার। গত ২৬ নভেম্বর রাত ১০টার দিকে খাবার খেতে গিয়ে ফুসফুসে খাবার আটকে অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই সেখানে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন মাহফুজুর রহমান খান। এরপর আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি। চিত্রগ্রহণের জন্য ১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
