প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা...

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

বিনোদন ডেস্ক

 

আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’ সিনেমায় মারাঠা বাহিনীর সর্দার সেনাপতি সদাশিব রাও ভাউয়ের দ্বিতীয় স্ত্রী পার্বতী বাঈয়ের চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। এর ফার্স্ট লুক সামনে আসতেই প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত চরিত্র কাশীবাঈ-এর সঙ্গে তুলনা শুরু হয়েছে কৃতির। সম্প্রতি একটি পার্টিতে দেখা হয় কাশীবাঈ ও পার্বতীবাঈ-এর। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি শেয়ার করে কৃতি লিখলেন, ‘যখন কাশীবাঈয়ের সঙ্গে দেখা হয় পার্বতীবাঈয়ের। তোমার সঙ্গে দেখা করার মুহূর্ত সবসময় খুব স্পেশাল হয়।’

কিন্তু কী কথা হলো দু’জনের? এই প্রশ্নের উত্তরে কৃতি বলেন, ‘পার্বতীবাঈয়ের পোশাকে কোকাকোলা নিয়ে ভ্যানিটি ভ্যানে আমার নাচের ভিডিওটি প্রিয়াঙ্কা দেখেছে। ও বললো, নিজের সঙ্গে খুব মিল পেয়েছে।’

প্রিয়াঙ্কার সঙ্গে যে এই তুলনা চলে আসছে, কী মনে হচ্ছে তার? কৃতির স্পষ্ট বক্তব্য, ‘আমি যখন ছবিটিতে সই করেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম তুলনা হবে। সেভাবে দেখতে গেলে বাহুবলীর সঙ্গেও পদ্মাবতের তুলনা টানা হয়েছিল। পানিপথ আর বাজিরাও-এর প্রেক্ষাপট প্রায় সমসাময়িক। তবে আশা করছি শুধুমাত্র ট্রেলার দেখে কোনো সিদ্ধান্তে দর্শকরা পৌঁছাবেন না।’