বাংলাদেশে গাড়ি উত্পাদনে বাস্তবসম্মত নীতিমালা চায় জাপান

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০০:২২

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে জাপানের বহুল ব্যবহূত টয়োটা ব্র্যান্ডের গাড়ি উত্পাদনে বাস্তবসম্মত অটোমোবাইল নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিয়েছে জাপান। এ ধরনের নীতিমালা প্রণয়নে প্রয়োজনে দেশটি কারিগরি সহায়তা দিতেও প্রস্তুত বলে জানিয়েছে তারা। গতকাল ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাত্কালে এ ইস্যুতে কথা বলেন। শিল্পমন্ত্রী চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডে (সিইউএফএল) নিরবচ্ছিন্ন উত্পাদন চালু রাখতে জাপানের সহায়তা চেয়েছেন। বিশেষত কারখানাটির আধুনিকায়ন ও সংস্কারে জাপানের সহযোগিতা কামনা করেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, একসময় বাংলাদেশের তৈরি গাড়ি জাপানের বাজারেও বিক্রি হবে। তিনি বাংলাদেশে মোটরসাইকেল শিল্পের বিকাশে এর নিবন্ধন ফি ও করহার যৌক্তিকীকরণের ওপর গুরুত্ব দেন। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশে অভ্যন্তরীণ যোগান থেকে সারের সরবরাহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। জাপান টোবাকো বাংলাদেশ সরকারকে বিপুল পরিমাণে রাজস্ব দিচ্ছে উল্লেখ করে তিনি তামাক শিল্পের ওপর আরোপিত এক্সাইজ ডিউটি (আবগারি শুল্ক) যৌক্তিককরণের আহ্বান জানান।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে টয়োটা ব্র্যান্ডের গাড়ির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশাল বাজার সুবিধা ও জনপ্রিয়তা বিবেচনা করে টয়োটা কোম্পানি বাংলাদেশে গাড়ি উত্পাদনে বিনিয়োগ করতে পারে। এ কারখানা স্থাপনের মাধ্যমে টয়োটা বাংলাদেশের চাহিদা মিটিয়ে জাপানের বাজারেও গাড়ি রপ্তানির সুযোগ পাবে। বৈঠকে শিল্পমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে বাইব্যাক পলিসির আওতায় ডিস্ট্রিলারি স্থাপনসহ পণ্য বৈচিত্র্যকরণে জাপানের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগসহ শিল্প মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।