মতিঝিল এজিবি কলোনির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:২০

মতিঝিল এজিবি কলোনি বৃহত্ আবাসিক এলাকা। এখানে সচিব থেকে পিয়ন পর্যন্ত সকল স্তরের সরকারি কর্মচারীদের বসবাস। এক সময় এই কলোনি ঢাকার অন্যতম সুন্দর জায়গা ছিল। দখলবাজদের কবলে পড়ে  সেখানকার পরিবেশ এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। শিশুদের খেলাধুলা করার জন্য প্রত্যেক বিল্ডিংয়ের সামনের প্রশস্ত মাঠগুলি সরকার দলীয় বিভিন্ন সংগঠন দখলে নিয়ে দোকান, কোচিং সেন্টার, ফাস্টফুড, বিউটি পারলার, জিম, হোটেল ইত্যাদি গড়ে তুলেছে। এমনকি আধাপাকা বাড়িও! কোনো স্থাপনা আবার মন্ত্রী দিয়েও উদ্বোধন করা হয়েছে! সরকারি জমিতে এসব বাণিজ্যিক কার্যক্রম চালানো হলেও এর জন্য গণপূর্ত বিভাগের কোনো অনুমতি নেই বলেই জানা যায়। অবিবেচক কিছু অ্যালোটিও যে যেভাবে ইচ্ছা জায়গা দখল করে নিয়েছেন, বাড়ি ভেঙে বর্ধিত করেছেন। যত্রতত্র গাড়ি রাখার জন্য বানানো হয়েছে গ্যারেজ। অপরিকল্পিত বৃক্ষরোপণের ফলে এলাকাটি জঙ্গলে পরিণত হয়ে মশা-মাছির প্রজননকেন্দ্র হয়ে উঠেছে। সরকারি জায়গা অবৈধ দখল হলেও এগুলি দখলমুক্ত করতে মতিঝিল গণপূর্ত বিভাগকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি! তাহলে তাদের দায়িত্ব কী? সরকারের অবৈধ দখল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মতিঝিল কলোনির অবৈধ স্থাপনা, ঘেরা দেওয়া বাগান ও অপরিকল্পিতভাবে রোপিত বৃক্ষ উপড়ে ফেলে খেলার মাঠগুলি পুনরুদ্ধারের মাধ্যমে কলোনির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক

 

 

০