বিমান দুর্ঘটনার ৪০ বছর পর নিউজিল্যান্ডের ক্ষমা প্রার্থনা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:২২

রয়টার্স

চার দশক আগে এন্টার্কটিকায় এক বিমান দুর্ঘটনার কারণ ঢাকতে তত্কালীন সরকারের ছলচাতুরীর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ১৯৭৯ সালের ২৮ নভেম্বরের ঐ  দুর্ঘটনায় ২৫৭ জন প্রাণ হারান। ঐ দুর্ঘটনাকে দেশটির শান্তিকালীন অন্যতম বড়ো বিপর্যয় হিসেবে দেখা হয়। 

গণ-অসন্তোষের মুখে নিউজিল্যান্ডের তত্কালীন সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি রাজকীয় তদন্ত কমিশন গঠন করে। তদন্তে দেখা যায়, চালকদের দোষে নয়, রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থার অব্যবস্থাপনাই ছিল দুর্ঘটনার প্রধান কারণ। ক্রুদের উপযুক্ত প্রশিক্ষণ না দিয়েই এয়ার নিউজিল্যান্ড তাদের উড়োজাহাজগুলোর নেভিগেশন ব্যবস্থাপনা বদলে ফেলেছিল বলে তদন্তে উঠে আসে। গতকাল অকল্যান্ডের গভর্নমেন্ট হাউজে চার দশক আগের ঐ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরডার্ন বলেন, ৪০ বছর পর, বর্তমান সরকারের পক্ষ থেকে বলতে চাই, ঐ সময় সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানায় থাকা এয়ারলাইন্সটির কর্মকাণ্ডে ক্ষমা চাওয়ার সময় এসেছে।