চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পল্লী বাংলার চিরায়ত ধারায় বর্ষা-বাদল বানভাসির দিন শেষ। শরত্ পেরিয়ে প্রকৃতির অবগুণ্ঠন আবৃতা ঋতু হেমন্তের প্রথমার্ধ অতিক্রান্ত হতে চলেছে। স্বাভাবিক নিয়মেই নদী-খাল-বিলে কমে এসেছে পানি। স্বল্প পানিতে মাছ ধরার মৌসুম শুরু হয়েছে পুরোদমে। বাংলাদেশের পল্লীজীবনে কৃষিজীবী মানুষ এ সময় ছোটো নদী, খাল-বিলে মাছ শিকারে মেতে ওঠে। কারো হয়তো বিক্রি করে বাড়তি দু পয়সা আয়ের চেষ্টা, তবে বেশির ভাগ শিশু-কিশোর যুবকের কাছে নিজ হাতে মাছ ধরার আনন্দই হলো মুখ্য। আর এই মাছ ধরার জন্য প্রাকৃতিক উপাদানে তৈরি নানারকম দেশীয় সরঞ্জামের চাহিদাও বেড়ে যায় এ সময়। দেশের বৃহত্তম চলনবিলে এখন চলছে মাছ ধরার উত্সব। বাউত নামছে শনিবার আর মঙ্গলবার। ডোবা নালায় পলো দিয়ে মাছ ধরা হচ্ছে। এ যেন অন্যরকম আনন্দ।
