চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চান্দিনায় গণপিটুনিতে রিপন নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টায় উপজেলার কেরনখাল ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় গণপিটুনির পর ভোরে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে । নিহত রিপন কুমিল্লা বরুড়া উপজেলা বাঁশতলী গ্রামের রমিজউদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ১০/১২ জনের ডাকাত দল ডুমুরিয়া গ্রামের রফিক মুহুরির বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে রিপনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভোরে চিকিত্সক ডাকাত রিপনকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল বলেন, রিপনের বিরুদ্ধে বরুড়া থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে। ডুমুরিয়া গ্রামের রফিক মুহুরির বাড়িতে ডাকাতির ঘটনায় এবং গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করা হচ্ছে।
