প্রতি বছরই রাবিতে সমাবর্তন অনুষ্ঠিত হবে:উপাচার্য

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৪৩

শনিবার একাদশতম সমাবর্তন

রাবি সংবাদদাতা

আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাদশতম সমাবর্তন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেছেন, প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার শহিদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, একাদশ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের কলা, আইন, বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি, প্রকৌশল ও চারুকলা অনুষদের মোট ৩ হাজার ৪৩১ জন গ্রাজুয়েট নিবন্ধন করেছে। এতে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সমাবর্তন বক্তা হিসেবে পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী উপস্থিত থাকবেন।