আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে দুই জনের কারাদণ্ড

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৪৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করা হয়েছে। পরে তাদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো—মিলন মিয়া ও মহাব্বত আলী। বুধবার রাতে আখাউড়া রেলস্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা এ দণ্ডাদেশ প্রদান করেন।

গোপন সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিনুর রশিদের নেতৃত্বে পুলিশ বুধবার সন্ধ্যায় আখাউড়া রেল স্টেশনের একটি দোকানে অভিযান চালায়। ৭৫টি ট্রেনের টিকিটসহ দোকান পরিচালনাকারী মিলন মিয়া ও তার সহযোগী মহাব্বত আলীকে আটক করা হয়।