নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
বরিশাল অফিস
বরিশালে কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের বিভাগীয় কার্যালয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩ বস্তা নিষিদ্ধ পলিথিন এবং ১১ বস্তা কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তর এবং দুপুরে জেলা প্রশাসন এই অভিযান চালায়। এ সময় তিন জনকে জেল-জরিমানা করা হয়েছে।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এসএ পরিবহনের বরিশাল অফিসে অভিযান চালায়। এ সময় ঐ নিষিদ্ধ পলিথিনসহ এসএ পরিবহন বরিশালের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন এবং পলিথিনের মালিক মজিবর রহমান খন্দকারকে আটক করে। পরে উভয়কে ছয় মাস করে কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৪৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়। অপরদিকে মিথ্যা ঘোষণা দিয়ে কাপড়ের পরিবর্তে আনা ১১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল এসএ পরিবহন বরিশাল কার্যালয় থেকে উদ্ধার ও পার্সেল সহকারী বেল্লাল আহমেদকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক বছরের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম।
