আবার বিপাকে আফগানিস্তান

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৪৯

উচ্ছ্বসিত রাকিম কর্নওয়াল

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লখনৌ টেস্টে আবারও ব্যাটিং ধসে পড়েছে আফগানিস্তান। আবারও তাদের ইনিংসের শুরুটা কাঁপিয়ে দিয়েছেন বিশালদেহী রাকিম কর্নওয়াল। আগের দিনের পারফরম্যান্সের পরই দারুণ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছিলেন কর্নওয়াল।

প্রথম ইনিংসে আফগানিস্তান অলআউট হয়েছিল ১৮৭ রানে। কর্নওয়াল নিয়েছিলেন ৭ উইকেট। জবাবে ২৭৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়েছে আফগানরা ১০৯ রান তুলতে। কর্নওয়াল নিয়েছেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার আনন্দ ভুলতে পারছেন না দুনিয়ার সবচেয়ে ওজনদার ক্রিকেটার কর্নওয়াল। তিনি বলছিলেন, এ স্মৃতি তার সারা জীবন মনে থাকবে, ‘আমি এই দিনটা মনে রাখব। আমার বাকি জীবন জুড়ে এটা মনে থাকবে। আমার ক্যারিয়ার যত সামনে এগোবে, আরো ভালো করতে চাইব। কিন্তু এটা বিশেষ দিন হয়েই থাকবে। শুধু এদিন আমি ভালো বল করেছি, তা নয়। কিছু অসাধারণ ক্যাচ হয়েছে। বিশেষ করে অধিনায়ক ও সেই হোপ স্লিপে দুটো তীক্ষ্ন ক্যাচ নিয়েছেন। আমি এখনো নিজেকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই দেখি। ফলে উইকেটগুলো আমার জন্য বোনাস। আমি ব্যাটে কিছু রান করতে চাই।’

ব্যাটে অবশ্য খুব অবদান রাখতে পারেননি কর্নওয়াল। আফগানিস্তানকে অল্প রানে অলআউট করে দেওয়ার পর নিজেরা খুব দ্রুত প্রথম ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যাম্পবেল ও ব্রুকস বড়ো একটা জুটি করেন। ক্যাম্পবেল ৫৫ রান করে আউট হন। আর ব্রুকস তুলে নেন সেঞ্চুরি। তিনি ১১১ রান করে ফেরেন। নিচের দিক থেকে ডরউইচ ছাড়া কেউ তেমন রান পাননি। উইকেটরক্ষক ডরউইচ ৪২ রানের ইনিংস খেলেন।

দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করেছিল আফগানরা। জাভেদ আহমাদির ব্যাটে ভরসা পাচ্ছিল তারা। কিন্তু দলীয় স্কোর ৫৫ রানে থাকা অবস্থায় ইব্রাহিদ জাদরানের উইকেট তুলে নেন কর্নওয়াল। এরপর আর ২ রান স্কোর বোর্ডে জমা হতেই আরো ২ উইকেট তুলে নেন তিনি। এরপর রোস্টন চেজ এসে তুলে নেন আরো ৩ উইকেট। ফলে দিনশেষে ৭ উইকেট হারিয়ে ফেলে আফগানরা।

নিজের দারুণ পারফরম্যান্সের জন্য বোলিং কোচ রডি এস্টউইককে দারুণ কৃতিত্ব দিয়েছেন কর্নওয়াল। তিনি বলেছেন, ‘আমি স্রেফ বলটা সঠিক জায়গায় ফেলার চেষ্টা করছিলাম। আর অধিনায়ক আমাকে যা বলছিল, তাই করছিলাম। আমি যতোটা সম্ভব ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করছিলাম। এটা আমাকে আমাদের রডি এস্টউইক অনেক বলেছে।’