এডিলেড টেস্ট
স্পোর্টস রিপোর্টার
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে একদমই বলার মতো কিছু করতে পারছে না পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৫ রানে হেরেছে তারা। এখন এডিলেড টেস্ট শুরুর আগে দলটিতে অনেক পরিবর্তনের আভাস। অন্যদিকে নিজেদের মাঠে খুব স্বস্তিতে থাকা অস্ট্রেলিয়া এক দিন আগেই জানিয়ে দিয়েছে, তারা একাদশে কোনো পরিবর্তন আনবে না।
দলের এই অবস্থা নিয়েই আজ এডিলেডে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এই সিরিজে এটি প্রথম দিবারাত্রির টেস্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে এই টেস্টের খেলা।
দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে বেশ কয়েকটা পরিবর্তন আসবে বলে সংবাদ মাধ্যমগুলো বলছে। ধুঁকতে থাকা হারিস সোহেলের জায়গায় ইমাম-উল-হক এবং ফাস্ট বোলার ইমরান খানের জায়গায় সুযোগ পেতে পারেন মোহাম্মদ আব্বাস। প্রথম ম্যাচে প্রশংসনীয় নৈপুণ্য দেখালেও নতুন পেস সেনসেশন নাসিম শাহর পরিবর্তে অভিষেক হতে পারে মুসা খানের।
এদিকে অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন নিশ্চিত করেছেন, এডিলেডে তাদের একাদশে কোনো পরিবর্তন আসবে না। ফলে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ক্যামেরন ব্যানক্রফট ও জেমস প্যাটিসনকে। তারা শেফিল্ড শিল্ডে যার যার দলের হয়ে খেলবেন।
অপরিবর্তিত একাদশ রাখার ব্যাপারে একদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেছিলেন, ‘আমাদের ছেলেরা (প্রথম টেস্টে) খুব ভালো খেলেছে। ফলে একাদশে পরিবর্তন আনার কোনো কারণ নেই। আমার নিজের ভেতর থেকে আমি মনে করছি, একাদশে বদল আনার দরকার নেই।’
যদিও ট্রাভিস হিড খুব একটা রান না পাওয়ায় তাকে একাদশ থেকে বাদ দেওয়ার একটা চাপ ছিল। কিন্তু ল্যাঙ্গার বলেছেন, এডিলেডের দিবারাত্রির টেস্টে হিপ হতে পারেন সবচেয়ে ভালো অস্ত্র, ‘আমরা আগের টেস্টে ওর ইনিংসটার গুরুত্ব বুঝি। সেই সঙ্গে আমরা জানি, পরের টেস্ট খেলা হবে এডিলেডে। ওর মতো তরুণকে আমাদের দলে সেখানে দরকার হবে।’
