কিশোরগঞ্জ প্রতিনিধি
আগামী ১ ডিসেম্বর থেকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং খান ব্রাদার্স গ্রুপের সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন ৮টি জেলা দল এই টুর্নামেন্টে অংশ নিবে। দলগুলো হলো—কিশোরগঞ্জ, জামালপুর, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর ও নরসিংদী জেলা। উদ্বোধনী খেলাটি কিশোরগঞ্জ ও জামালপুর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক আহমেদ উল্লাহ, সদস্যসচিব সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।
