ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ
মেহেদী হাসান
সম্মেলনের মৌসুম চলছে আওয়ামী লীগে। কেন্দ্র থেকে শুরু করে ঢাকা মহানগর, জেলা ও উপজেলায় দলীয় আলোচনার মূলে রয়েছে সম্মেলন। মহিলা শ্রমিক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের পর ঘনিয়ে আসছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন। আগামীকাল ৩০ নভেম্বর বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ দিন বিকালে কাউন্সিল অধিবেশনেই নতুন নেতৃত্ব বেছে নেওয়া হবে। শীর্ষ পদে আসতে শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ করছেন এক ডজন প্রার্থী। এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অনেক নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে দোয়া নিয়ে এসেছেন।
এবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগে শীর্ষ পদে পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্বে আসার ক্ষেত্রে আলোচনায় রয়েছেন সংগঠনের বর্তমান সহসভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীব হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান, এসএম মান্নান কচি, এম সাইফুল্লা সাইফুল, বিএম সিরাজুল ইসলামসহ অনেকেই। কামাল-মিজান কমিটি আসছে বলে আলোচনা চলছে। এছাড়া নতুন নেতৃত্ব উঠে আসতে পারে ঢাকা মহানগরের আওতাধীন যে কোনো থানা শাখা থেকেও। এক্ষেত্রে ক্লিন ইমেজের নেতা হিসেবে দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী মহানগরের শীর্ষ পদ পেতে পারেন। এছাড়া অনেকেই জোর তদবির শুরু করেছেন শীর্ষ পদে আসতে। নতুন নেতৃত্ব নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সভাপতি-সাধারণ সম্পাদক পদে কারা আসছেন তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল বাড়ছে। পদপ্রত্যাশীরা গণভবন ও কেন্দ্রের শীর্ষ নেতাদের বাসাবাড়িতে বেশি করে যাওয়া-আসা করছেন। কর্মী-সমর্থক নিয়ে তারা ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ও বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে শোডাউন করছেন। পোস্টার, ফেস্টুন টানিয়েছেন রাজধানী জুড়েই। নিজেদের যোগ্য প্রমাণে ব্যস্ত সময় পার করছেন যে যার মতো।
