ইত্তেফাক রিপোর্ট
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আরো চারটি আধুনিক ভ্রাম্যমাণ বাস (মিউজুবাস) যুক্ত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাদুঘরের সম্মেলন কক্ষে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের সঙ্গে এ সংক্রান্ত সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর উপস্থিতিতে জাদুঘরের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার। চুক্তির আওতায় মোট ১০ কোটি ৬১ লাখ টাকারও বেশি ব্যয়ে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন চারটি মিউজুবাস চালু করা হবে। আগামী বছরের মার্চের মধ্যে এগুলো সরবরাহ করা হবে। ইতিমধ্যে এ প্রকল্পের আওতায় গত ৩টি চতুর্মাত্রিক মুভিবাস ও ২টি অবজারভেটরি ভ্যান চালু হয়েছে।
