দলের অনেক নেতা জমিদারি মনোভাব পোষণ করেন ------------ ওবায়দুল কাদের

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২২:৩১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা অনেককে অহংকারী করে তোলে। জমিদারী প্রথা বিলুপ্ত হলেও দলীয় অনেক নেতা জমিদারী মনোভাব পোষণ করেন। সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের দলে কোনো স্থান হবে না। ত্যাগী ও যোগ্যদের দলে জায়গা করে দিতে হবে এবং খারাপদের দল থেকে বের করে দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে সদর উদ্দিন খানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরো বলেন, রাজনীতির রোল মডেল হচ্ছেন বঙ্গবন্ধু আর উন্নয়নের        রোল মডেল শেখ হাসিনা। সকল বাধা-বিপত্তি ও ভয়কে জয় করেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এগুচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মাটি ও মানুষের সংগঠন। মানুষকে ভালোবাসার মাধ্যমেই রাজনীতিকে অর্থবহ করে তুলতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, আবু সাঈদ মাহমুদ আল স্বপন এমপি প্রমুখ। পরে ওবায়দুল কাদের কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি হিসাবে সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীর নাম ঘোষণা করেন।

যশোরে জেলা আওয়ামী লীগের সম্মেলন

যশোর অফিস জানায়, গত বুধবার দুপুরে ঈদগাহ মাঠে যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার শাসনামলে আপন লোকদেরও নিস্তার নেই। আবরার হত্যাকারীরা সবাই ছাত্রলীগের হলেও কেউ রেহাই পায়নি। তিনি বলেন, দল ভারী করার জন্য সুবিধাবাদী, স্বাধীনতাবিরোধী শক্তিকে দলে টানবেন না। চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই আওয়ামী লীগে হবে না।

দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এতে সভাপতিত্ব করেন। বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের। এতে জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার স্ব স্ব পদে পুনরায় মনোনীত হন।