জামিন পেলেন মির্জা ফখরুলসহ বিএনপির সাত নেতা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২২:৩৩

গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপির মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতা জামিন পেয়েছেন। এর মধ্যে শীর্ষ চার নেতা হাইকোর্ট থেকে এবং তিন জন নিম্ন আদালত থেকে জামিন পান। মঙ্গলবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক বিক্ষোভ কর্মসূচি হতে গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে গতকাল বৃহস্পতিবার জামিন চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শুনানি নিয়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন দেন। একইসঙ্গে এ সময়ের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা     হয়েছে। আদালতে বিএনপি নেতাদের পক্ষে খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, এম মাহবুবউদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ।

এদিকে গতকাল ওই মামলায় গ্রেপ্তার হন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জাতীয়তাবাদী হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন। সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় তাদের। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন আসামিদের ১০ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ড আবেদন নাকচ করে জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে গতকাল ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তিন জনকে জামিন দেন।