রোহিঙ্গাদের ওপর নৃশংসতার নিন্দা জানাল ইসরাইলও

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২২:৩৩

অবশেষে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর চালানো নৃশংসতার নিন্দা জানিয়েছে ইসরাইল। যদিও জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের প্রতি একদিন আগেই সমর্থন জানিয়েছিলেন দেশটিতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত। কিন্তু রাষ্ট্রদূতের এই অবস্থানের খবর প্রকাশের পর বৃহস্পতিবার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার নিন্দা জানায়। খবর:রয়টার্স।

বুধবার ইসরাইলি সংবাদমাধ্যম হারেত্জ জানায়, নেপিদোয় ইসরাইলি রাষ্ট্রদূত রনেন গিলর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মামলায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি প্রকাশ্য সমর্থন জানান। এক টুইট বার্তায় তিনি বলেন, ভালো সিদ্ধান্তের আশা করছি আর শুভ কামনা। হারেেজর খবর প্রকাশের পর ঐ টুইটটি মুছে ফেলা হয়। একদিন পর গতকাল সকালে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভুল করে লিখে ফেলা ঐ টুইটটি তাত্ক্ষণিক ঠিক করে নেওয়া হয়েছে। রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের ওপর যে নৃশংসতা ঘটেছে তার কঠোর নিন্দা জানায় ইসরাইল। সপ্তাহখানেক আগেও ঐ নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘে আনা এক প্রস্তাবের পক্ষে তারা ভোট দিয়েছে।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) অর্গানাইজেশন অব ইসলামিক  কোঅপারেশনের (ওআইসি) পক্ষে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক আদালতে এই মামলার শুনানি শুরু হবে। মিয়ানমার এই মামলায় লড়ার ঘোষণা দিয়েছে।