বাংলাদেশ ও তুরস্ক স্বরাষ্ট্রমন্ত্রীপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২২:৩৪

বাংলাদেশ ও তুরস্ক স্বরাষ্ট্রমন্ত্রীপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক বুধবার তুরস্কের রাজধানী আংকারায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তুরস্কের পক্ষে নেতৃত্ব দেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেমান সয়লু। বৈঠকে উভয় মন্ত্রী অনিয়মিত অভিবাসন, নিরাপত্তা, সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সমস্যা সম্পর্কে আলোচনা করেন। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে অবস্থিত কিছু সংখ্যক বাংলাদেশি অনিয়মিত অভিবাসীর কথা উল্লেখ করে তাদের বাংলাদেশে ফেরত নেয়ার বিষয়ে অনুরোধ করেন।

তিনি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সহযোগিতা প্রদানের বিষয়ে উল্লেখ করেন এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বক্তব্যের শুরুতে তুরস্কের সরকার ও তুরস্কের জনগণের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন।