রোহিঙ্গা ‘গণহত্যার’ মামলায় সহায়তার জন্য মিয়ানমারের বিশেষ টিম

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২২:৩৪

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আফ্রিকার ছোটো দেশ গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা ‘গণহত্যার’ মামলায় সহায়তার জন্য একটি বিশেষ আইনি টিম গঠন করেছে মিয়ানমার। মঙ্গলবার দেশটির কার্যত সরকার প্রধান অং সান সু চির কার্যালয় এই দলটি গঠন করে। এই দলে স্থান পেয়েছেন দেশটির সেনাবাহিনীর দুই কর্মকর্তা। বুধবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতেও এই তথ্য জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের সব সদস্য দেশ আইসিজের মামলায় সহায়তা করতে বাধ্য। রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলাটি মিয়ানমারের জাতীয় স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এই মামলা লড়তে স্টেট কাউন্সেলর তার এখতিয়ার বলে একটি আইনি টিমের নেতৃত্ব দেবেন। অভ্যন্তরীণ সক্ষমতা ও দক্ষতা বাড়াতে এই বিশেষ সহায়তা করবে। প্রসঙ্গত, গত ১১ নভেম্বর জাতিসংঘের এই সর্বোচ্চ আদালতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পক্ষে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক আদালতে এই মামলার শুনানি শুরু হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্ব-পরিকল্পিত ও পদ্ধতিগত নিধন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। যাকে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও দেশ ‘গণহত্যা’ বলেও মন্তব্য করেছে। ওই সময় জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা।