জনতার কান্নায় কাঁদলেন মনোনয়নবঞ্চিত এমপি মনির

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০৬

রাত ৮টা। নৌকা মার্কার জনসভা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মনোনয়নবঞ্চিত বর্তমান সংসদ সদস্য। জনসভা চলছে। হঠ্যাৎ হাইস্কুল গেটে একটি বড় বহরের জটলা। দেখা যায় অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাদের বুকফাটা কান্না দেখে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য নিজেও কাঁদলেন।

শুক্রবার বিকেল ৩টায় যশোরের ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নে মাটিকোমরা হাইস্কুল মাঠে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অব.) ডাক্তার মো. নাসির উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে জনসভার আয়োজন করা হয়। জনসভায় বর্তমান সাংসদ মনিরুল ইসলাম মনিরের উপস্থিতির কথা শুনেই বিকেল থেকেই দলীয় নেতাকর্মী, সমর্থক ছাড়াও কয়েক হাজার মানুষ তার জন্য এলাকায় অপেক্ষা করতে থাকে।
 
এমপি মনির গাড়ি থেকে নামার পর অনেক মানুষের উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। এক পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে বুকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকে।
পরে জনসভায় জনতার উদ্দেশে কথা বলতে গিয়ে আবারও কান্নায় ভেঙে পড়েন মনির। আবেগাপ্লুত হয়ে মনিরুল ইসলাম মেজর জেনারেল (অব.) ডাক্তার মো. নাসির উদ্দিনের জন্য নৌকা মার্কায় ভোট চান।

এর আগে তিঁনি নিজের ফেসবুক ওয়ালে একটি খোলাচিঠি প্রকাশ করেন। চিঠিতে সকলের উদ্দ্যেশ্যে তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নবোর্ড ও এর প্রধান জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়েছেন, দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, পুনরায় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিঃসংকোচিত্তে তা মেনে নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার অনুগত একজন কর্মী হিসেবে দলীয় সিদ্ধান্ত মেনে চলাকেই কর্তব্য মনে করি। সবার আবেগ, অনুভূতির প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা রইল।

চিঠিতে এমপি মনির উল্লেখ করেন, ‘এলাকার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে গিয়ে জনপ্রতিনিধি হিসেবে চৌগাছায় গত ১০ বছরে (সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান) মানুষের কাছে যাওয়ার তাগিদ থেকে এতটুকু পিছপা হইনি। ভবিষ্যতেও সব ধরনের ইতিবাচক কাজে এভাবেই মানুষের পাশে থাকবো, কথা দিচ্ছি।'

আরও পড়ুনঃ নতুন প্রজন্ম আজ বঙ্গবন্ধুকে জানতে ও বুঝতে শিখেছে: তোফায়েল আহমেদ। ছবিঃ ইত্তেফাক।

বর্তমানে মনিরুল ইসলাম মনির যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। এর আগে তিনি ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

ইত্তেফাক/নূহু