গাজীপুরে জেএমবির বোমা হামলার ১৪তম বার্ষিকী আজ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০০:৩৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির বোমা হামলার ১৪তম বার্ষিকী আজ। ২০০৫ সালের এ দিন সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২নম্বর হলরুমে জেএমবি আত্মঘাতী বোমা হামলায় চার আইনজীবী, চার বিচারপ্রার্থীসহ হামলাকারী জঙ্গি নিহত হয়। হামলায় আরো অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরো একজন আইনজীবী মারা যান।

নৃশংস এ বোমা হামলায় নিহত আইনজীবীরা হলেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট গোলাম ফারুক অভি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন। নিহত বিচার প্রার্থীরা হলেন- আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। আত্মঘাতী জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম।

এর দুই দিন পর ১ ডিসেম্বর দুপুরে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের পাশে জেএমবি বোমা হামলা চালায়। এতে কৃষি কর্মকর্তা আবুল কালাম সরকার নিহত এবং ২৫ জন আহত হন। গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মনজুর মোর্শেদ প্রিন্স জানান, জেএমবির বোমা হামলার ১৪তম বার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দুই দফা হামলায় নিহত ও আহতের ঘটনায় পুলিশ প্রথমে অজ্ঞাত জেএমবি সদস্যদের নামে তিনটি মামলা করে। পরে গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ও র্যাব সদস্যরা জেএমবির সদস্যদের গ্রেনেড, গ্রেনেড তৈরির উপকরণ, জেহাদি বই ইত্যাদি উদ্ধার করে সর্বমোট ২১টি মামলা দায়ের করে। মামলাগুলোর মধ্যে কয়েকটির বিচারকার্য সম্পন্ন হলেও অন্য কয়েকটি মামলার বিচারকাজ প্রায় শেষ হওয়ার পথে রয়েছে বলে জানান গাজীপুর বারের সাধারণ সম্পাদক অ্যাড. মো. মনজুর মোর্শেদ প্রিন্স।