হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পরে সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। এবার কাউন্সিলরদের সরাসরি ভোট না সমঝোতার কাউন্সিল হবে—তা এখনো স্পষ্ট হয়নি। সম্মেলনকে ঘিরে সিলেট শহরে সাজ সাজ রব পড়েছে। উত্সবের আমেজ বিরাজ করছে। নগরীর মোড়ে মোড়ে প্রার্থীদের বড়ো বড়ো ডিজিটাল ব্যানার শোভা পাচ্ছে। শীর্ষ পদ পেতে নেতাদের চলছে লবিং-তদবির। তবে এবার ভূমিখেকো, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অনুপ্রবেশকারীদের ব্যাপারে দলের শীর্ষ নেতারা সতর্ক রয়েছেন।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা। এতে ৫০০ ডেলিগেট তাদের নেতৃত্ব ঠিক করবেন। জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ছয় জন ও সাধারণ সম্পাদক পদে আট জনের নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুত্ফুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ এবং বর্তমান সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে: অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাইফুল আলম রুহেল, মোহাম্মদ আলী দুলাল, জগলু চৌধুরী এবং অধ্যক্ষ শামসুল ইসলাম।
