ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সমাজসেবা সম্পাদক কায়সার হোসেন মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, লিভার সমস্যা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কায়সারের দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের ছাত্র।
বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কায়সার হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও ডাকসু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজ শেষে লাশবাহী অ্যাম্বুলেন্সে তার মরদেহে নিয়ে আসে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। সেখানে হল সংসদের সমাজকল্যাণ সম্পাদককে শেষ বিদায় জানান তার সহপাঠী ও শিক্ষার্থীরা।
