দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির আদালত। গতকাল বৃহস্পতিবার দেশটির ফৌজদারি আদালতে পাঁচ বিচারকের একটি প্যানেল এই রায় দেয়। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাঁচারের অভিযোগ উঠেছে। কয়েকটি দ্বীপে হোটেল বানাতে একটি প্রাইভেট কোম্পানিকে অনুমতি দিতে ১০ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন আবদুল্লাহ ইয়ামিন। গত বছর নির্বাচনে হেরে যাওয়ার পর তার বিরুদ্ধে এই দুর্নীতি মামলা দায়ের করা হয়। তবে ইয়ামিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বিচারক প্যানেলের প্রধান বিচারক আলী রশীদ বলেন, ইয়ামিন ঘুষ গ্রহণ করেছিলেন সেটি আদালতে প্রমাণ হয়েছে।
