গাঁয়ের ছড়া

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৯:০৭

মহসীন হাবিব

 

জঙ্গল থেকে জেগে উঠল

একটি পশু, ভোরবেলাতে

তার পেছনে উঠল জেগে

কর্ণবিহীন জানোয়ারের দল।

লক্ষ আওয়াজ তুলল ওরা

হুক্কা-হুয়া! দিয়ে গায়ের বল।

 

বিকট শব্দ ফাটিয়ে দিল কান

ভৈরবী সুর হলো অবসান।

 

জম্বি হলো সারা গাঁয়ের লোক

ঢুকল গিয়ে পুরান আস্তাবলে

একটি শিশু ছিল তাদের ঘরে

নিরাপদে মমতাময়ীর কোলে,

জম্বিরা সব ঘিরল তাদের বাড়ি

গায়ের জোরে নিল তাকেও কাড়ি।

 

এখন আগুন জ্বলছে সারা গাঁয়ে

পুড়ছে বন, কাঁদছে নদীর তট

আঁধার ঘরে বসে একা সাধু

ভাবছে, এবার খুলবে ক্যামনে জট?