আরিফুর রহমান
ইন্টারনেটকে বলা হয় তথ্যের অফুরন্ত ভাণ্ডার। বিশাল এই ভাণ্ডার থেকে তাই সঠিক তথ্যটি খুঁজে বের করাটাও ঝক্কির কাজ হতে পারে। অনলাইন সার্চের মাধ্যমে সঠিক তথ্যটি খুঁজে বের করার কিছু পদ্ধতি তুলে ধরা হয়েছে এ লেখায়।
সঠিকভাবে খুঁজতে না পারলে অনলাইন সার্চের মাধ্যমে তথ্য খুঁজে বের করা অনেকটা খড়ের গাদায় সূঁচ খুঁজে বের করার মতোই কঠিন। তবে সঠিকভাবে সার্চ করতে পারলে সঠিক জিনিসটি সহজেই বেরিয়ে আসতে পারে। অনলাইন সার্চের জন্য এমন কিছু পরামর্শ নিচে তুলে ধরা হলো।
ব্যবহার করুন মেটা সার্চ ইঞ্জিন
প্রয়োজনীয় তথ্যটি খুঁজে পেতে একাধিক সার্চ ইঞ্জিনের ব্যবহার অনেক বেশি কাজে দিতে পারে। তবে এক্ষেত্রে আলাদা আলাদা করে সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ দিলে অনেক লিংকই একাধিকবার করে চলে আসে। এই সমস্যার সমাধান হতে পারে মেটা সার্চ ইঞ্জিন, যেগুলো নিজে থেকেই একাধিক সার্চ ইঞ্জিন ব্যবহার করে সার্চ পরিচালনা করে। এই সার্চ সাইটগুলো বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে প্রাপ্ত ফলাফলগুলোর মধ্যে ডুপ্লিকেটগুলোকে বাদ দিয়েই দেখায়। এই ধরনের ওয়েবসাইটের মধ্যে রয়েছে Dogpile.com (কোয়েরিজ, গুগল ও ইয়াহু সার্চ রেজাল্ট প্রদর্শন করে), Zapmeta.com (অলটাভিসতা, এন্টায়ারওয়েব, গিগাব্লাস্ট, ইয়াহু প্রভৃতি সার্চ রেজাল্ট প্রদর্শন করে), Search.com (বিং, ব্লেকো, ওপেন ডিরেক্টরি, গুগল প্রভৃতি সার্চ রেজাল্ট প্রদর্শন করে) প্রভৃতি। এ ছাড়া মাল্টিমিডিয়া ফাইল খোঁজার জন্য ব্যবহার করা যায় creativecommons.org, যেখানে ফ্লিকার, ফটোপিডিয়া, গুগল ইমেজ, সাউন্ড ক্লাউড, ইউটিউব প্রভৃতি সাইট থেকে ফাইল সার্চ করার সুবিধা রয়েছে।
ন্যাচারাল ল্যাংগুয়েজ সার্চ
বেশিরভাগ সার্চ ইঞ্জিনেই কিওয়ার্ডের মাধ্যমে সার্চের কাজটি হয়ে থাকে। তবে ইংরেজি ভাষায় সরাসরি প্রশ্ন করে কোনো বিষয় জানতে চাইলে Ask.com ব্যবহার করা যেতে পারে। এই সাইটে সরাসরি ইংরেজি ভাষার প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে থাকে।
সোশ্যাল সার্চ
ওয়েবসাইট বা ওয়েবলিংক সার্চের তুলনায় সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটের উপাদান খোঁজার বিষয়টি আলাদা। এসব উপাদান খুঁজতে চাইলে Icerocket.com সাইটের শরণাপন্ন হতে পারেন। এখানে যেকোনো শব্দগুচ্ছের জন্য টুইটার, ব্লগ, ও ফেসবুকে আলাদা করে ভুক্তি খোঁজার সুবিধা রয়েছে।
ইমেজ সার্চ
গুগল, ইয়াহু বা বিং সার্চ ইঞ্জিনে ইমেজ সার্চের সুবিধা থাকলেও এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের সেবা দিতে পারে Tineye.com। একে মূলত বলা হয় ‘রিভার্স ইমেজ সার্চ’ ইঞ্জিন। এই সাইটে গিয়ে কোনো ইমেজ বা ছবির লিংক আপলোড করে দিলে এটি সার্চ রেজাল্টে সেই ছবির বিস্তারিত তথ্য হাজির করে দেয়। প্রায় ৭৩০ কোটি ছবি এতে ইনডেক্স করা রয়েছে। এই সাইটে কোনো ছবির উচ্চ রেজ্যুলেশন থাকলে সেটিও খুঁজে পাওয়া যায়।
ভিডিও সার্চ
বিভিন্ন ধরনের ভিডিও খুঁজে বের করার জন্য Blinkx.com সাইটটি সহায় হতে পারে। বিভিন্ন ধরনের হোস্টিং সেবা, ভি-লগ, নিউজ চ্যানেল এবং ওয়েবসাইট থেকে এটি ভিডিও খুঁজতে পারে। বিভিন্ন ধরনের ক্যাটাগরি, কিওয়ার্ড ও কনটেন্টের ভিত্তিতে এটি ভিডিও খুঁজে থাকে।
শিশুদের জন্য সার্চ
ইন্টারনেটকে অনেক সময়ই শিশুদের জন্য অনুপযোগী মনে করা হয়। শিশুরা ইন্টারনেটে কোনো কিছু খুঁজতে চাইলে তাই ব্যবহার করতে পারে Kidrex.org সাইটটি। এখানে কোনো কিছু সার্চ করতে চাইলে রেজাল্টে এটি কেবল শিশুদের উপযোগী লিংকগুলোই প্রদর্শন করে থাকে। এ ছাড়া অবশ্য ইয়াহু, গুগল, বিংয়ের মতো সার্চ ইঞ্জিনগুলোতেও ‘প্রিফারেন্স’-এ গিয়ে ‘সেফসার্চ’ চালু করা যেতে পারে শিশুদের জন্য।
চিকিত্সা বিষয়ক সার্চ
চিকিত্সা বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো ইন্টারনেটে খুঁজে বের করতে বিশেষায়িত ওয়েবসাইট iMedisearch.com-এর দ্বারস্থ হতে পারেন। চিকিত্সা বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট বিখ্যাত ওয়েবসাইটগুলো থেকে এটি সার্চ রেজাল্ট প্রদর্শন করে থাকে। এখানে সাধারণ মানুষ, ডাক্তার, নার্স, ফার্মাসিস্টদের জন্য আলাদা করে সার্চ রেজাল্ট দেখার সুবিধাও রয়েছে।
