ড্রেজার মেশিন ধ্বংস
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
এনায়েতপুরের আড়কান্দিতে যমুনায় বালু উত্তোলন করা অবৈধ ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ শামসুজ্জোহার নেতৃত্বে ঐ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা যমুনা নদী থেকে বালু উত্তোলন করে রুপসীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। ঐদিন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ শামসুজ্জোহার নেতৃতে অভিযান পরিচালনা করা হয়। তখন আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজারে কর্মরত শ্রমিকরা পালিয়ে গেলেও ড্রেজারটি জব্দ করে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা জানান, আমাদের এলাকার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। যেখানেই খবর পাবো অভিযান চালিয়ে তা বন্ধ করব। এতে যত বড়ো প্রভাবশালীই জড়িত থাকুক না কেন।
