পাহাড় কেটে বালু উত্তোলন
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারার অদূরে গভীর জঙ্গলে করইল্লাঝিরি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কেটে উত্তোলন করা ৬০ হাজার ঘনফুট বালি জব্দ করেছেন।
সার্ভেয়ার কামরুজ্জামান জানান, হরিণমারা এলাকায় সরকারিভাবে দুটি বালিমহাল ইজারা দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, ইজারা দেওয়া বালিমহালের বাইরে পাহাড় কেটে নির্বিচারে বালি উত্তোলন করা হচ্ছে। গ্রামবাসী বলছেন, ক্রমাগত ভারী যান চলাচলের ফলে গ্রামীণ সড়ক ভেঙে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। সড়ক ব্যবহারের অনুপযোগী হওয়ার কারণে গ্রামবাসী অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অভিযোগ করেছে, প্রশাসনের বিভিন্ন দপ্তরে।
উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল এহছান খান জানান, স্থানীয় অভিযোগকারীদের তথ্যমতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হরিণমারা এলাকার বিভিন্ন জঙ্গলে অভিযান চালিয়ে অবৈধ বালি উত্তোলনের বেশ কয়েকটি স্থান পরিলক্ষিত হলেও ইজারাদার ঐসব মজুতকৃত বালু তাদের নয় বলে জানান। তবে প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, অবৈধভাবে বালি উত্তোলন করার দায়ে জাহাঙ্গীর, বদি আলম ও রেজাউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জব্দকৃত বালু আগামী সোমবার বেলা ১১টায় উখিয়া ভূমি অফিসে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে। বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের জানান।
