পায়রা তাপবিদ্যুত্ কেন্দ্র
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কলাপাড়ার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুত্ কেন্দ্রের অভ্যন্তরে ক্রেন থেকে লোহার এঙ্গেল পড়ে শুক্রবার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইব্রাহিম তারেক (২২)। সে পায়রা তাপ বিদ্যুত্ কেন্দ্রের লেবার সরবরাহকারী প্রতিষ্ঠান রানা এন্টারপ্রাইজের শ্রমিক।
তাপবিদ্যুত্ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন, নির্মাণ কাজের সময় শুনতে পাই একজন শ্রমিক দুর্ঘটনার শিকার হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। বিসিপিসিএলের পক্ষ থেকে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
