সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২১:২১

শায়েস্তাগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো—সিলেট জেলার গোয়াইনঘাট থানার চলিতাবাড়ী গ্রামের আহাদ আলীর ছেলে পাকি মিয়া (৩৫) ও তার সহযোগী চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে তৈয়ব আলী (৪৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত্ শায়েস্তাগঞ্জ, নতুনব্রিজ পয়েন্টসহ আশপাশের এলাকাগুলোতে ইয়াবাসহ মাদক সরবরাহ করে আসছিল। আটককালে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিনামূল্যে ঠোঙ্গা তৈরির উপকরণ বিতরণ

নকলা (শেরপুর) সংবাদদাতা নকলায় পলিথিন শপিং ব্যাগ ও ভিক্ষাবৃত্তি নিরুত্সাহিত করতে ভিক্ষুকদের দিয়ে কাগজের ঠোঙ্গা প্রস্তুত করে বাজারজাতকরণের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিনামূলে ঠোঙ্গা তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গণপদ্দী ইউনিয়নের ভিক্ষুকদের নিয়ে আলোচনা সভা ও ঠোঙ্গা তৈরি কৌশল শেখানো এবং বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল, ইউপি সচিব রফিকুল ইসলাম ও নকলা অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা মুরাদনগরে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে শুক্রবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নবীপুর মেরিট কেয়ার ইন্টারন্যাশনাল কেজি স্কুলে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন। শুশুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী ও পপি লাইব্রেরির জেনারেল ম্যানেজার মো. আল আমিন।

সরকারিভাবে ধান ক্রয় উদ্বোধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারীতে সরকারিভাবে আমন ধান ক্রয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জয়মনিরহাট খাদ্যগুদামে সরাসরি কৃষকদের মধ্য থেকে ধান ক্রয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী। এ সময় আওয়ামী লীগের উপজেলা সভাপতি শাহজাহান সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরাধ দমনে পুলিশের উঠান বৈঠক

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা কালকিনি থানা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে বৃহস্পতিবার সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাহেবরামপুর এলাকার লঞ্চঘাটে বিভিন্ন শ্রেণিপেশা লোকজনের অংশগ্রহণে এ বৈঠক করা হয়। এতে সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আওলাদ হোসেন মাষ্টার, সাহেবরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামান ও আওয়ামী লীগ নেতা মুরাদ সরদার।

‘নজরুল মানসলোক’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ প্রকাশিত নজরুল জয়ন্তী সেমিনারে উপস্থাপিত নজরুল বিষয়ক প্রবন্ধ সংকলন ‘নজরুল মানসলোক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় বৃহস্পতিবার। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান প্রমুখ।

লবণ সহিষ্ণু সবজি উত্পাদনে প্রশিক্ষণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে বৃহস্পতিবার বিকালে লবণ সহিষ্ণু সবজি উত্পাদনে কৌশল নিয়ে কৃষক-কৃষানিদের ও টেকসই অবকাঠামো নির্মাণের লক্ষ্যে পৃথক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষ ও অফিসার্স ক্লাব মিলনায়তনে দুদিনব্যাপী প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু।

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে বৃহস্পতিবার চেক বিতরণ করা হয়েছে। উপজেলার পশ্চিম বালুভরা মৌজার নওগাঁ-রাণীনগর সড়কের পশ্চিম পাশে নির্মাণাধীন রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের স্থানীয় জমির মালিকদের সরকারের পক্ষ থেকে ঐ চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুনের সভাপতিত্বে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অফিস কক্ষে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়।

হতদরিদ্র পরিবারের মধ্যে টিন ও চেক বিতরণ

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে বৃহস্পতিবার বিকালে ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরে বাস্তবায়নে ৪৪ হতদরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

পলাশকান্দা ট্র্যাজেডি দিবস আজ

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা আজ ৩০ নভেম্বর, পলাশকান্দা ট্র্যাজেডি দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে গৌরীপুরে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহিদ হন মুক্তিযোদ্ধা সিরাজ, মন্জু, মতি ও জসিম। প্রতিবছর এই দিনটি গৌরীপুর শহিদ দিবস বা পলাশকান্দা ট্র্যাজেডি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি পালন উপলক্ষ্যে আজ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ, চাঁদেরহাট এর পক্ষ থেকে প্রভাতফেরি, পলাশকান্দায় শহিদ জসিমের কবর জিয়ারত, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

টাঙ্গাইলে সাহিত্য সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি ‘সাহিত্য আনুক মানবমুক্তি’ এই স্লোগান সামনে নিয়ে শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইলে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলন উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শফিউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোলাম কিবরিয়া পিনু, সাধারণ সম্পাদক দীপঙ্কর গৌতম, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব হোসেন, লেখক সংঘের জেলা শাখার উপদেষ্টা সেকান্দার হায়াত প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

০