নাথুরাম গডসের নামই মুখে আনেননি তিনি, লোকসভায় এবার এমনই সাফাই দিলেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। তার ‘দেশভক্ত’ মন্তব্য নিয়ে গত দু’দিন ধরেই উত্তাল ভারতের সংসদ। তা নিয়ে চাপের মুখে পড়ে শুক্রবার দ্বিতীয়বারের জন্য ক্ষমা চান তিনি। সেখানেই জানান, তার যে মন্তব্য ঘিরে এত বিতর্ক, তাতে গডসের নাম পর্যন্ত উল্লেখ করেননি তিনি। খবর আনন্দবাজার পত্রিকার
এ দিন লোকসভা অধিবেশনের শুরুতেই গডসে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন প্রজ্ঞা। সেই সঙ্গে তাকে নিয়ে টুইটের জন্য রাহুল গান্ধীরও সমালোচনা করেন তিনি। তাতে তীব্র আপত্তি তোলেন কংগ্রেসসহ অন্য বিরোধী দলের নেতারা। ইচ্ছাকৃতভাবে সংসদ ভবনের বাইরের ঘটনাকে টেনে এনে, আসল ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন তারা। অবিলম্বে সাধ্বীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি ওঠে।
সেই নিয়ে ঝামেলা চরমে উঠলে অধিবেশন স্থগিত রাখেন স্পিকার ওম বিড়লা। সব দলকে সঙ্গে নিয়ে আলোচনায় বসেন তিনি। সেখানেই প্রজ্ঞাকে ফের ক্ষমা চাইতে হবে বলে সর্বসম্মত ভাবে ঠিক হয়। তার পরে অধিবেশন শুরু হলে দ্বিতীয়বার ক্ষমা চান প্রজ্ঞা। তিনি বলেন, ‘২৭ নভেম্বর এসপিজি নিয়ে আলোচনার সময় নাথুরাম গডসেকে দেশভক্ত বলিনি আমি। এমনকি গডসের নাম পর্যন্ত মুখে আনিনি আমি। তবুও কেউ আহত হয়ে থাকলে, ফের ক্ষমা চাইছি আমি।’
