মেসির রেকর্ড ভাংবেন লেভানডোভস্কি?

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:০২

স্পোর্টস ডেস্ক

বায়ার্ন মিউনিখের জন্য ২০১৯-২০ মৌসুমটা ভালোভাবে শুরু না হলেও ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কির বৃহস্পতি যেন তুঙ্গেই। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা এই পোলিশ ফরোয়ার্ড ইউরোপিয়ান গোল্ডেন শুয়ের দৌড়ে এগিয়ে আছেন সবার চেয়ে। চোখ রাঙাচ্ছেন লিওনেল মেসির এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডকেও।

বার্সেলোনা ফরোয়ার্ড ২০১১-১২ মৌসুমে ৬০ ম্যাচ খেলে করেছিলেন ৭৩ গোল। সে বছর এক পঞ্জিকাবর্ষে জার্ড মুলারের করা ৮৫ গোলের রেকর্ডও ভেঙে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। ২০১২ সালে মেসির করা ৯১ গোলের রেকর্ডটা এই বছরেই ভাঙার কোনো সম্ভাবনা নেই। তবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটাকে রীতিমতো হুমকির মুখেই ফেলে দিয়েছেন  লেভানডোভস্কি। 

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ২০ ম্যাচ। এরই মধ্যে করে ফেলেছেন ২৭ গোল। যার সর্বশেষ চারটি এসেছে চ্যাম্পিয়ন্স লিগে, রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে। গত মঙ্গলবার রাতে মাত্র ১৪ মিনিট ৩১ সেকেন্ডে করেন গোল চারটি, যা চ্যাম্পিয়ন্স লিগ রেকর্ডও।

এছাড়াও চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ ম্যাচে গোলের দেখা পেয়েছেন ‘লেভা’। জার্মান সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হারের পর মাত্র দুটি ম্যাচেই কেবল গোলের দেখা পাননি পোলিশ এই স্ট্রাইকার। ২০১৯-২০ মৌসুমে ১২ ম্যাচ খেলে করেছেন ১৭ গোল।

ইউরোপিয়ান গোল্ডেন শুয়ের দৌড়ে থাকা লেভান্ডোভস্কির নিকটতম প্রতিদ্বন্দ্বী কিরো ইমোবিলে করেছেন ১৬ গোল। এখানে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও সব প্রতিযোগিতা মিলিয়ে হিসাব করলে বায়ার্ন ফরোয়ার্ড অপ্রতিদ্বন্দ্বী। ইউরোপা লিগে মোটে এক গোল পাওয়া ইমোবিলে লেভান্ডোভস্কির চেয়ে পিছিয়ে আছেন ১০ গোলের ব্যবধানে! 

সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে লেভান্ডোভস্কির নিজের সর্বোচ্চ গোল ৪৩টি, এসেছিল ২০১৬-১৭ মৌসুমে। তা থেকে ‘মাত্র’ ১৬ গোলে পিছিয়ে থাকায় সেটা ভাঙা সময়েই ব্যাপার বলেই মনে হচ্ছে। তার এমন আগুনে ফর্ম তুলছে নতুন প্রশ্নও। লিওনেল মেসির এক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তিও কি ভাঙবেন বায়ার্ন ফরোয়ার্ড?

রেকর্ড গড়া মৌসুমের এই সময়ে মেসি করেছিলেন ২৫ গোল। ‘লেভা’ এখনই পেয়ে গেছেন তার থেকে দুটি বেশি। সে মৌসুমে মেসি সর্বমোট খেলেছিলেন ৬০টি ম্যাচ। আর বায়ার্ন ফরোয়ার্ড লিগে পাচ্ছেন আর ২২ ম্যাচ। জার্মান কাপ আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললে আরো ১৪ ম্যাচ পাবেন তিনি। বার্সা অধিনায়কের রেকর্ডটি ভাঙতে হলে এই ৩৬টি সম্ভাব্য ম্যাচ থেকে করতে হবে ৪৭ গোল। যা করতে হলে ম্যাচগুলোয় গড়ে ১.৩ টি করে গোল পেতে হবে পোলিশ স্ট্রাইকারকে। তার বর্তমান ম্যাচপ্রতি গোল গড় কত জানেন? ১.৩৫!

তবে এমন দুর্ধর্ষ ফর্ম সত্ত্বেও মেসির রেকর্ড ভাঙা দুঃসাধ্যই হবে লেভান্ডোভস্কির জন্য, অভিমত ইউরোপীয় ফুটবল বিশ্লেষক গিলেম বালাগের। তিনি বিবিসিকে বলেন, ‘সে ইউরোপের অন্য সব খেলোয়াড় থেকে বেশি গোলমুখে শট নেয়। সে অবশ্যই বায়ার্নের হয়ে আরো গোল করবে, বিশেষ করে যখন সে দারুণ ফর্মে আছে। তার গোলসংখ্যা অবিশ্বাস্য। কিন্তু তবুও এটা মেসির ৭৩ গোলের রেকর্ড ভাঙার জন্য যথেষ্ট হবে না।’