পোলার্ডদের দল ঘোষণা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:০২

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্যে কাইরন পোলার্ডকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষেৗতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলা অধিকাংশ খেলোয়াড়ের ওপরই আস্থা রেখেছে ক্যারিবীয় বোর্ড।

গত বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেছে ক্যারিবীয়রা। এরপর একদিনও অপেক্ষা করেনি ওয়েস্ট ইন্ডিজ। ঘোষণা করে দিয়েছে ভারত সিরিজের দল। টি-টোয়েন্টি আর ওয়ানডে দুই সংস্করণেই দলের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার পোলার্ড। তবে তার ডেপুটি হিসেবে টি-টোয়েন্টিতে থাকবেন নিকোলাস পুরান আর ওয়ানডেতে থাকবেন শেই হোপ।

ক্রিকেট থেকে বিশ্রামে থাকার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। তাই ভারতের বিপক্ষে সিরিজের জন্য বিবেচিত হননি তিনি। আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ খেলে চোট পাওয়া ফাবিয়ান অ্যালেনও ফিরছেন এই সিরিজ দিয়ে। রামদিনও ঐ সিরিজ চলাকালীন চোটে পড়েন। চোট কাটিয়ে দলে ফিরছেন তিনিও।

দলে ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নখ দিয়ে বলে খুটে চার টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা পাওয়া নিকোলাস পুরানও। সে কারণে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচের সিরিজে ছিলেন না তিনি। খেলতে পারবেন না ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেও। ফিরতে পারবেন এই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে।

টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা ৬ ডিসেম্বর হায়দরাবাদে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। এরপর থিরুভানাথাপুরামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। মুম্বাইতে ১১ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচটি। এরপর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে—চেন্নাই (১৫ ডিসেম্বর), বিশাখাপত্তনম (১৮ ডিসেম্বর) ও কটকে (২২ ডিসেম্বর)।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), কিমো পল, খারি পিয়েরে, নিকোলাস পুরান, দিনেশ রামদিন, শেরফানে রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, ফাবিয়ান অ্যালেন, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, ব্রান্ডন কিং, এভিন লুইস, হেইডেন ওয়ালশ জুনিয়র ও কেসরিক উইলিয়ামস।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), সুনিল অ্যামব্রিস, রোস্টন চেজ, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, কিমো পল, খারি পিয়েরে, নিকোলাস পুরান, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ জুনিয়র।