টটেনহ্যাম হটস্পার থেকে বরখাস্ত হওয়ার পর মরিচিও পচেত্তিনো জানিয়েছেন ক্লাবটিতে সাড়ে পাঁচ বছর কাজ করার সময় তিনি নিজের ‘সেরাটা দিয়েছেন’। ৪৭ বছরের এই আর্জেন্টাইন কোচ টটেনহ্যামকে টানা চার বার শীর্ষ চারের মধ্যে রেখেছিলেন। এর মধ্যে গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তোলেন দলটিকে। গত সপ্তাহে পর্তুগিজ কোচ হোসে মরিনহো তার স্থলাভিষিক্ত হন। বরখাস্ত হওয়ার পর এই প্রথম কোনো প্রতিক্রিয়া জানালেন তিনি। পচেত্তিনো নিজের মেয়াদকাল সম্পর্কে বলেন, ‘সে সময়টায় চ্যালেঞ্জ যেমন ছিল, তেমনি দুর্দান্ত সাফল্যও ছিল। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। আমি নিশ্চিত আমরা আবারও পথ অতিক্রম করব।’ আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার টটেনহ্যামে যোগ দেওয়ার আগে এস্পানিয়ল ও সাউদাম্পটনের দায়িত্বে ছিলেন।
