স্পোর্টস ডেস্ক
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এর আগে পাকিস্তানে গিয়েছিল তৃতীয় সারির শ্রীলঙ্কা দল। তবে, টেস্টে অবশ্য সেই পথে হাঁটছে না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। পাকিস্তান সফরের জন্য গতকাল শুক্রবার পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে তারা।
দ্বিমুথ করুনারত্নের নেতৃত্বে ১৬ সদস্যের দলে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে গত আগস্টে খেলা সবশেষ টেস্টের দল থেকে কেবল একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া লেগ স্পিনার আকিলা ধনঞ্জয়ার জায়গায় এসেছেন ডানহাতি পেসার কাসুন রাজিথা।
আগামী ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৯ থেকে ২৩ ডিসেম্বর করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজ দিয়েই ১০ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানের মাটিতে।
সর্বশেষ ২০০৯ সালের মার্চে এই শ্রীলঙ্কা দলই পাকিস্তানে টেস্ট খেলেছে। ওই সফরের ওয়ানডে সিরিজ শেষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে ১২ জন বন্দুকধারী হামলা করে। ছয় শ্রীলঙ্কান ক্রিকেটার আহত নন। ছয়জন পাকিস্তানি পুলিশসহ মোট আট জন সেদিন সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারায়।
সেই ঘটনার জের ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন একদম নিষিদ্ধ হয়ে যায়। এরপর থেকে খেলতে যায়নি বিশ্ব ক্রিকেটের দেশগুলো। সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেট দেশটিতে আয়োজিত হলে এবারই প্রথম টেস্ট আয়োজিত হতে যাচ্ছে।
গেল সেপ্টেম্বর-অক্টোবরে লঙ্কান দল পাকিস্তানে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। ঐ সময়ই এই সিরিজের ব্যাপারে পাকা কথা হয়ে গিয়েছিল দুই পক্ষের। এবার সেই কথাই রাখছে এসএলসি।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড
দ্বিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল পেরেরা, নিরোশান ডিকভেলা, ওশাদা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, দিলরুয়ান পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, লাকশান সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়া, সুরঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা।
