ডিএনসিসির অনুষ্ঠানে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
নারীর প্রতি সহিংসতা রোধে অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারলেই সহিংসতা কমবে। নারী এবং দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এ জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। গতকাল গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ‘সবাই মিলে সবার ঢাকা, নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ লক্ষ্যকে সামনে রেখে ‘১৬ ডেজ অব একটিভিজম ক্যাম্পেইন-২০১৯’ শীর্ষক কর্মসূচির দুই দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য, এ কে এম রহমতুল্লাহ ও আকবর হোসেন পাঠান, আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল হক প্রমুখ।
স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষা উপবৃত্তি, প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্টসহ বিভিন্ন পদক্ষেপের ফলে নারীদের আজ উচ্চ শিক্ষার সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। এতে নারীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হচ্ছে। তিনি বলেন, নারীরা নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতায় সফলতার স্বাক্ষর রাখছে। নারীর জন্য নিরাপদ কর্ম পরিবেশের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের জায়গায় অংশগ্রহণ আরো বৃদ্ধি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় তিনি নারীদের সুযোগ ও সক্ষমতার মধ্যে সমন্বয় ঘটিয়ে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের আওতাধীন সব দোকানে আগামী ছয় মাসের মধ্যে র্যাম্প লাগাতে হবে। যাতে হুইলচেয়ারে করে মানুষ দোকানে প্রবেশ করতে পারে। নারীদের প্রতি সহিংসতা রোধে প্রতিটি ওয়ার্ডে আজ থেকে অভিযোগ বক্স দিচ্ছি আমরা। মাসে একবার করে সেগুলো খোলা হবে। ওয়ার্ড কাউন্সিলর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে উপস্থিত থাকবেন। অভিযোগকারী নারীর পরিচয় গোপন রাখা হবে। এভাবে সবাইকে নিয়েই আমরা আমাদের বাসযোগ্য ঢাকা গড়ে তুলব। আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেন, এসডিজি অর্জন করতে হলে প্রয়োজন টেকসই শান্তি। টেকসই শান্তির জন্য চাই টেকসই নিরাপত্তা। সেটা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আর নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা আপোষহীন। অনুষ্ঠান শেষে ডিএনসিসি মেয়র প্রধান অতিথিসহ অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
