সরকার ইসলামের জন্য অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে —গণপূর্তমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:০৯

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইসলামের জন্য অনেক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর দৃঢ় সিদ্ধান্তে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বার  রাষ্ট্রীয় খরচে আলেম ওলামাদের হজে পাঠানোর ব্যবস্থা করা হয়। দেশের এক পঞ্চমাংশ লোক ইসলামী শিক্ষায় পড়াশোনা করেন। সে কারণে বর্তমান সরকার কওমি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে। কওমির সর্বোচ্চ শিক্ষাকে আমাদের সরকার এম এ পাশের মর্যাদা দিয়েছেন। সারাদেশের হাজার হাজার মাদ্রাসা ভবন নির্মাণ করা সহ প্রতিটি উপজেলায় একটি অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণ করছেন যার কাজ শুরু হয়েছে। শুক্রবার ছারছীনা দরবার শরীফের ১২৯তম বার্ষিক মাহফিলে প্রথম দিনে জুমাবাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ইসলামি শিক্ষা থেকে আমরা আদব কায়দা, নৈতিকতাসহ চলার পথের যাবতীয় সব কিছু শিখতে পারি। যা অন্য কোথাও নেই। এজন্য আমরা বলব ধর্মীয় অনুশাসন মেনে আমাদের চলা উচিত। তিনি বলেন বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পস্ট করে বলেছেন এ দেশে ইসলাম পরিপন্থি কোনো আইন বাস্তবায়ন করা হবে না। মন্ত্রীর বক্তব্য শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আমিরে হিযবুল্লাহ ছারছীনার পীর সাহেব হযরত মাওলানা শাহ মা. মোহেব্বুল্লাহ। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।