ঝিনাইদহে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, চার বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:১৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি ও কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহে চারটি বিদেশি পিস্তলসহ জোয়েব হোসেন শাকির (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকির যশোর শহরের বারান্দীপাড়ার  আব্দুল আওয়ালের ছেলে।

র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান,  কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রামে রাস্তার পাশে অস্ত্র কেনাবেচা হচ্ছিল। এমন সময় বৃহস্পতিবার রাত ১২টার দিকে র্যাবের একটি টহল দল      সেখানে অভিযান চালিয়ে শাকিরকে গ্রেফতার করে। তার কাছ থেকে চারটি বিদেশি      পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাবের জিজ্ঞাসাবাদে জোয়েব জানান, ইজি বাইকের ব্যাটারির ব্যবসার পাশাপাশি অস্ত্র ব্যবসা করেন তিনি।