পরীক্ষা না দিয়েও মেধা তালিকায়!

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:৩০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষায় অনুপস্থিত থেকেও সাজ্জাতুল ইসলাম নামে এক ছাত্র ‘বি’ ইউনিটের ফলাফলে মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেছেন। শুক্রবার বিষয়টি জানাজানি হয়। ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদা কামাল বলেন, উত্তীর্ণ তালিকায় ঐ শিক্ষার্থীর নাম ১২তম স্থানে থাকলেও ভর্তি হতে আসেনি।

জানা গেছে, গত ৮ নভেম্বর কুবির স্নাতক প্রথম বর্ষ (কলা ও মানবিক অনুষদভুক্ত) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষায় মো. সাজ্জাতুল ইসলামের (পিতা-মো. রেজাউল করিম, রোল নম্বর ২০৬০৫০) নাম মেধাতালিকায় ১২তম স্থানে প্রকাশিত হয়। এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সিট প্ল্যান অনুযায়ী তার সিট পড়েছিল কোটবাড়ি টিচার্স ট্রেনিং কলেজে। কিন্তু ঐ কেন্দ্রে ভর্তি পরীক্ষার্থীদের জন্য যে উপস্থিতির তালিকা সরবরাহ করা হয়, সেখানে ঐ ছাত্রের স্বাক্ষর নেই। এতে তার ছবির ঘরও খালি।

অনুপস্থিত পরীক্ষার্থীর রোল কীভাবে মেধাতালিকায় চলে এলো এমন প্রশ্নের জবাবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. মাসুদা কামাল সাংবাদিকদের বলেন, তার ওএমআর শিট পূরণ করা আছে। এটা কারো কারসাজিও হতে পারে। তবে ভর্তি হতে আসলে তাকে আমরা ধরে পুলিশে     সোপর্দ করব। এ বিষয়ে জানতে চাইলে কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী গতকাল বলেন, বিষয়টি আমি জেনেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।