বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে অনেক যাত্রী পারাপার হয়ে থাকেন। এ ছাড়া স্থলবন্দর দিয়েও দুই দেশের মধ্যে কাঙ্ক্ষিত পরিমাণে আমদানি-রপ্তানি হচ্ছে। আরো কী করে সুযোগ-সুবিধা বাড়ানো যায়, সেজন্য আমি এখানে দেখতে এসেছি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় হিলি স্থলবন্দর ও চেকপোস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে তিনি রংপুর থেকে এখানে আসেন। পরিদর্শনকালে রীভা গাঙ্গুলি দাশ বাংলাদেশের হিলি ইমিগ্রেশন কার্যালয়, কাস্টমস কার্যালয় ও বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টসহ আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা পরিদর্শন করে ভারতে প্রবেশ করেন। সেখানে আধাঘণ্টা অবস্থান করেন। বেলা ১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। তার সফরকালে উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব মিত্র, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন ও ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ।
