গ্র্যাজুয়েটদের মিলনমেলায় মেতেছে রাবি

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:৪১

একাদশ সমাবর্তনে অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা গ্র্যাজুয়েটদের মিলনমেলায় মেতে উঠেছে প্রাচ্যের ক্যামব্রিজখ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়। শনিবার অনুষ্ঠেয় সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, আমতলা, টুকিটাকি, বুদ্ধিজীবী ও জোহা চত্বরসহ পুরো ক্যাম্পাস যেন অতিথি আপ্যায়নে ব্যস্ত। বছর কয়েক আগে হারিয়ে যাওয়া সন্তানদের ফিরে পেয়ে আনন্দের ধ্বনি নিঃসারণ করছে ক্যাম্পাসটি। ক্যাম্পাস জুড়ে সাবেক শিক্ষার্থীদের আনাগোনার ভিড়ে চিরচেনা ক্যাম্পাস আজ অন্যরূপে সেজেছে। চারিদিকেই অপরিচিত মুখের ভিড়ে পা ফেলার জায়গাটুকু খুঁজে পাওয়া ভার। লাল-নীল আলোয় রঙিন এই ক্যাম্পাসটি ফিরে পেয়েছে এক নতুন জীবন। এসব দৃশ্য দেখে অধ্যয়নরত শিক্ষার্থীদের মনেও স্বপ্নের অঙ্কুর বুনেছে। কবে এই দিনটি তাদের জীবনেও আসবে?

গ্র্যাজুয়েশন সম্পন্ন। গাউন, টাই ও ক্যাপ পরে শিক্ষাজীবনের আনুষ্ঠানিকতা শেষ করতে সমাবর্তনে অংশ নিচ্ছেন তিন সহস্রাধিক গ্র্যাজুয়েট। সবাই একসঙ্গে মাথার ক্যাপ খুুলে ছুড়ে মারবেন মুক্ত আকাশে। আবার লাফ দিয়ে সেই ক্যাপ ধরার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হবে, এমন কল্পনা করতে করতে এরই মধ্যে ক্যাম্পাসে চলে এসেছেন অনেকেই। তাদের সেই কল্পনা ও প্রতিক্ষিত দিনটির বাস্তবায়ন হতে চলেছে খুব শিগগিরই। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ছেন তারা। গল্প শুরু করেছেন ক্যাম্পাস মাতিয়ে তোলার সেই সোনালি দিনগুলোর স্মৃতি নিয়ে। কেউ কেউ সঙ্গে করে নিয়ে আসা পরিবারকে নিজের বিদ্যাপীঠটি ঘুরিয়ে দেখাতে ব্যস্ত। এই ক্যাম্পাসে তাদের অনেক স্মৃতি। সেই স্মৃতি ভাগাভাগি করে নিচ্ছেন। নতুন ও পুরাতন শিক্ষার্থীদের আড্ডায় যেন আনন্দের জোয়ার ভেসে বেড়াচ্ছে। ক্যাম্পাস জুড়ে সর্বত্রই চলছে হই-হুল্লোড় আর সাবেক-বর্তমানের আনন্দঘন মিলনমেলা।