বর্তমান সরকারও টিকতে পারবে না, গণআন্দোলনে দুঃশাসন ভেসে যাবে

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০০:৩৮

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিক মনজুরুল আহসান খানসহ বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ওপর হামলা-গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা গতকাল শুক্রবার এক যুক্ত বিবৃতিতে বলেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে হামলা-নির্যাতন জোরদার করছে। তবে বর্তমান সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। জনগণের সমর্থন ছাড়া হামলা-নির্যাতনের পথে কোনো সরকারই টিকে থাকতে পারেনি, ইতিহাস এর সাক্ষী। বর্তমান সরকারও টিকে থাকতে পারবে না। গণআন্দোলনে দুঃসাশন ভেসে যাবে।

বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক যুক্ত বিবৃতিতে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান। বিবৃতিতে বাম নেতারা আরো বলেন, বামপন্থি-প্রগতিশীল শক্তির ওপর নানাভাবে হামলা হচ্ছে।

অপরদিকে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম গতকাল পৃথক এক বিবৃতিতে বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে হামলা-নির্যাতন জোরদার করছে। দেশের বিভিন্ন স্থানে সিপিবির ওপর একের পর এক হামলা হচ্ছে।