সাভারের আশুলিয়ায় এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকার ফারুক শিকদারের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শুক্রবার মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
নিহত গৃহবধূর নাম ফরিদা বেগম (২৮)। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গোপালপুর ইউনিয়নের কচুয়া গ্রামের সেলিমের স্ত্রী। ফরিদা তার স্বামী সেলিমের সঙ্গে ফারুক শিকদারের ভাড়া বাসায় থাকতেন।
আশুলিয়া থানার এসআই কামরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘোষবাগ এলাকার ফারুক শিকদারের ভাড়া বাড়ি থেকে ঐ নারীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়। থানায় মামলা দায়ের করে নিহতের স্বামীকে আটকের চেষ্টা চলছে।
