রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় বাংলাভিশনের গাড়িচালক নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০০:৩৯

রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসা রোডের সাদ্দাম মার্কেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৪৫) নামের বাংলাভিশন টেলিভিশনের এক গাড়িচালক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক সন্ধ্যা ৭টায় মৃত ঘোষণা করেন।

মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সিয়াম আলী জানান, তারা কয়েক জন সহপাঠী সাইনবোর্ডের গিরিধারা এলাকায় কোচিং শেষ করে মাতুয়াইলের বাসায় যাচ্ছিলেন। ঐ সময় তারা দেখতে পান, মামুন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মামুন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মামুন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিবলাই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।