শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবার প্রচেষ্টা থাকা দরকার : আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০২:৫৭

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দেশের বর্তমান নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সবার প্রচেষ্টা থাকা দরকার। নির্বাচনের গুরুত্ব কেউ কেউ বুঝলেও সবাই বুঝে না। আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তবে দেশের স্বাধীনতা ইতিহাস বিকৃত হয়। পাঠ্য পুস্তক থেকেও স্বাধীনতার প্রকৃত ইতিহাস বাদ দেওয়া হয়। তিনি গতকাল রবিবার বিকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।


 
আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, দেশের স্বাধীনতা অর্জিত না হলে মানুষ তার অধিকার ভোগ করতে পারত না। আজ যে নানামুখী উন্নয়ন দেশের সর্বত্র সাধিত হচ্ছে তা স্বাধীনতারই সুফল। যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন সেই সব বীর সন্তানদের জাতি চিরদিন স্মরণে রাখবে। বিরোধী দলেরও অনেকে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন। দেশের রাজনীতিতে স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে শক্তি রয়েছে। কিন্তু স্বাধীনতার স্বপক্ষের রাজনীতিকে নির্বাচন, উন্নয়ন, ইতিহাস রক্ষাসহ সকল ক্ষেত্রে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তিনি বলেন, ভাণ্ডারিয়াসহ এই অঞ্চলের মানুষ আমরা একত্রে রয়েছি বলে ১৪ দল থেকে আমি বাইসাইকেল মার্কায় নির্বাচন করতে পারছি। এই ঐক্য ও ভাণ্ডারিয়াবাসীর প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মহাজোট থেকে মনোনয়ন দিয়ে পিরোজপুর-২ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী করেছেন। এ আসনে শেখ হাসিনার নৌকা ও জাতীয় পার্টি-জেপি’র বাইসাইকেল নির্বাচনী প্রতীক হিসাবে একাকার। সাইকেল প্রতীকে ভোট দিলে নৌকায় ভোট দেওয়া হয়। নৌকায় ভোট দেওয়া মানে শেখ হাসিনাকে ভোট দেওয়া। আমি দীর্ঘদিন ধরে সাইকেল মার্কায় নির্বাচন করছি। সাইকেল হচ্ছে পিরোজপুর-২ আসনে গ্রামীণ জনপদের মানুষের শান্তি, উন্নয়ন, ঐক্য, অগ্রগতির প্রতীক। ৩০ ডিসেম্বরের নির্বাচনে এ এলাকার ভোটারদের সাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে অতীতের মতো মানুষের সেবায় কাজ করার সুযোগ পাব। শেখ হাসিনার সরকারে বারবার মন্ত্রিত্ব করার সুযোগে দক্ষিণ অঞ্চলের জন্য উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছি। আগামীতেও এই সুযোগ আল্লাহর ইচ্ছায় অব্যাহত রাখতে চাই।

ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রশীদ খসরুর সভাপতিত্বে দলীয় কার্যালয় এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা জাতীয় পার্টির জেপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিক মন্নান প্রমুখ।

বিভিন্ন গ্রামে গণসংযোগ

পিরোজপুর-২ আসনে ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী সংগঠনের চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল রাতে ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান খালেক প্রমুখ।

সন্ধ্যার পর ইকড়ি ইউনিয়নের মাদার্শী বাজারে জেপি’র কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জু সমবেত গ্রামবাসী, আওয়ামী লীগ ও জেপি’র নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, সাবেক ইউপি মেম্বার আব্দুস সালাম, যুব সংহতির নেতা আবুল হাসান জোমাদ্দার, মনিরুজ্জামান প্রমুখ। এরপর আনোয়ার হোসেন মঞ্জু নদমূলা-শিয়ালকাঠি ইউনিয়নের নদমূলা বলবাড়ি এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তার নির্বাচনী প্রতীক বাইসাইকেলে ভোট চান। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অধ্যাপক সলিল কুমার বল, রতিকান্ত হালদার, সুভাষ মিস্ত্রি প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু