ডিসেম্বরে সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার যোগদান করবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২১:৩৪

আগামী ৮ ডিসেম্বর সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে সাড়ে চার হাজার নতুন ডাক্তারকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার বেলা ১২ টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা জানান।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত চার মাসে দুই হাজার ডাক্তারকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়াশোনার পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবে। আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার জেলা উপজেলার বিভিন্ন হাসপাতালে যোগদান করবে। এতে করে হাসপাতালগুলোতে আর ডাক্তারের সংকট থাকবে না।

তিনি আরও বলেন, আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগে পনের তলাবিশিষ্ট আটটি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালের প্রথম ছয় তলায় ক্যান্সার চিকিৎসা করা হবে এবং এরপরে কিডনি বিভাগের অনুমোদন দেওয়া হবে। কারণ কিডনি রোগীদের ডায়ালিসিসের জন্য ঢাকায় যেতে হয়। ডায়ালিসিস করতে গিয়ে অনেক সময় গরিব মানুষ নিস্ব হয়ে যায় এবং অনেকে মৃত্যুবরণ করেন। একারণে প্রতিটি জেলায় দশ বেডের কিডনি হাসপাতাল নির্মান করা হবে।

আরও পড়ুন: রাজনীতি নিজের নয়, জনগণের ভাগ্য গড়ার হাতিয়ার : ওবায়দুল কাদের

ডাক্তারদের উপজেলা পর্যায়ে কাজ করার ক্ষেত্রে অনীহার বিষয়ে জাহিদ মালেক বলেন, 'জনগণের সেবার জন্য ডাক্তারদের চাকরি দেওয়া হয়েছে। নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধক্ষ্য ডাঃ মো.আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাদিরা আক্তার, হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসএইচএম