প্রথম চার ব্যাটসম্যানই আউট হয়েছিলেন দুই অঙ্ক না ছুঁয়ে। এরপর মাহমুদউল্লাহ এসে কিছুটা থিতু হওয়ার চেষ্টা করছিলেন। আক্রমণাত্মক ভঙ্গিতে থাকা সাকিবকে কিছুটা সমর্থন যোগাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দলীয় ৭৩ রানে আউট হয়ে ফিরে গেলেন মাহমুদউল্লাহও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান।
এর আগে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সোমবার টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হয় ম্যাচটি।
মাঠে নেমে দলীয় ১১ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তামিম। দলীয় স্কোরে ৩৭ রান যোগ হতেই একে একে তাকে অনুসরণ করেন লিটন দাস, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। এর মধ্যে মুশফিক রান আউট হন। এই চারজনের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
আরো পড়ুন: ঐক্যফ্রন্টের ইশতেহারে যা রয়েছে
তবে অপরপ্রান্তে অধিনায়ক সাকিব খেলছিলেন আক্রমণাত্মক ভঙ্গিতেই। তার সঙ্গে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ২৫ রানের একটি ছোট্ট জুটি গড়েই কট বিহাইন্ড হয়ে যান। মাহমুদউল্লাহ করেন ১২ রান। ৪০ রান নিয়ে ব্যাট করছেন সাকিব। ষষ্ঠ উইকেটে তার সঙ্গী আরিফুল হক।
আগামী ২০ ও ২২ ডিসেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছেন মাশরাফি-সাকিবরা।
ইত্তেফাক/কেআই
