‘এখানে জীবন ফুরায় না, কেননা এখনে ভালোবাসা অফুরান’—এ শ্লোগানকে ধারণ করে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘১৪তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোত্সব-১৯’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে গতকাল থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও নাটমণ্ডল মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে এই নাট্যোত্সব। এবারের উত্সবে থাকছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত ১৭টি নাটক।
এদিন সন্ধ্যা ৬টায় ‘একতালা দোতালা’ মঞ্চায়নের মাধ্যমে শুরু হয় এই উত্সব। ‘একতালা দোতালা’ নাটকটি রচনা করেছেন মুনীর চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন ফারিজ খান। এছাড়াও গতকাল মঞ্চায়িত হয় জহির রায়হানের রচনায় এবং সৈয়দ আল মেহেদি হাসানের নির্দেশনায় নাটক ‘একুশের গল্প’। নাট্যোত্সবে আজ মঞ্চায়িত হবে দারিও ফোর রচনা এবং রুদ্র সাওজালের অনুবাদ ও নির্দেশনায় নাটক ‘মৃত্যু আসে ছদ্মবেশে’। এছাড়াও থাকছে হোরেস হোলির রচনা এবং মোসা. সায়মা আক্তারের অনুবাদ ও নির্দেশনায় নাটক ‘হিজ লাক’।
