ঘোড়াশালে ১১ গোডাউন ভস্মীভূত, দগ্ধ ১

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৫২

নরসিংদীর ঘোরাশালে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ১১টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওহাব (৬০) নামে এক কর্মচারী দগ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওহাবের শরীরের প্রায় ৬৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুন বারী জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, প্রাণ আরএফএলের ১টি ইউনিট, নরসিংদী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এবং গাজীপুরের কালীগঞ্জের ১টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন: ফুলবাড়ীয়ায় আগুনে পুড়ে গেছে ৪ দোকান

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে গোডাউনের মালপত্র পুড়ে যায়। আগুনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ই ডিসেম্বর রাতে আব্দুল বাতেনের ৩টি গোডাউনে আগুন লেগে সব মালামাল পুড়ে যায়।

ইত্তেফাক/বিএএফ